সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ও বিকেলে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার (১ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাঘবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জের সদর উপজেলার সাদি ইসলাম সানি (১৮), মধ্যনগর থানার আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার রিফাত তালুকদার (১৮), জনি আহম্মেদ (১৯) এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাহিদ আহমেদ রনি (১৮)। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রহিম ছিনতাই চক্রের সাথে জড়িত।
এর আগে গত শুক্রবারও সিলেটে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সিয়াম (২৩) নামে একজনের পরিচয় প্রকাশ করা হলেও বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
সিলেট মহানগর পুলিশ জানায়, নগরীতে কিশোর অপরাধ ও গ্যাং কালচার নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

































