| |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • শীর্ষ তিন রাজনৈতিক দলের ৯৩ জনের মনোনয়ন বাতিল
  • বিএনপি, জাপা, জামায়াত

    শীর্ষ তিন রাজনৈতিক দলের ৯৩ জনের মনোনয়ন বাতিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের শীর্ষ তিন রাজনৈতিক দলের ৯৩ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। বিএনপির ২৭, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নয়জন, জাতীয় পার্টির (জাপা) ৫৭ জনেরসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

    রোববার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

    তিনি জানান, বিএনপির ২৭, জামায়াতে ইসলামীর ৯, জাপার ৫৭ ও ইসলামী আন্দোলনের ৪১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির বাতিল হওয়া ২৭ জনের মধ্যে বেশির ভাগই দলীয় পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করলেও মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রার্থী হওয়ার প্রত্যয়ন ছিল না।

    বিএনপির পরিচয়ে ৩৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
    জামায়াতে ইসলামীর নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। দলটি থেকে ২৭৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ইসলামী আন্দোলনের ২৬৮ জন প্রার্থীর মধ্যে ৪১ জনের প্রার্থিতা বাতিল হযেছে।

    বৈধতা পেয়েছেন ২২৭ জন। দলগতভাবে সবচেয়ে বেশি প্রার্থিতা বাতিল হয়েছে জাপার। দলটির ২২৪ জনের মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন। বৈধতা পেয়েছেন ১৬৭ জন প্রার্থী।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় স্বাক্ষর না করা, তথ্য গোপন এবং আয়কর বিবরণী সঠিকভাবে জমা না দেওয়া ইত্যাদি কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সব মিলিয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই স্বতন্ত্র।

    এ নির্বাচনে ৩ হাজার ৪০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে জমা দেন ২ হাজার ৫৬৮ জন।

    এদের মধ্যে বৈধ হয়েছেন ১ হাজার ৮৪২ জন। এদিকে বাছাইয়ে বাতিলের পর দুজন করে প্রার্থী রয়েছেন নয়টি আসনে। এগুলো হলো- নীলফামারী-৩, বগুড়া-৬, রাজশাহী-৪ ও ৫, পিরোজপুর-১, শেরপুর-২, নেত্রকোনা-৫, ঢাকা-২ ও চট্টগ্রাম-৩।

    আবার তিনজন করে প্রার্থী রয়েছেন ২২টি আসনে। এগুলো হলো- ঠাকুরগাঁও-১, জয়পুরহাট-২, বগুড়া-২ ও ৭, রাজশাহী-১, ৩ ও ৬, সিরাজগঞ্জ-৩, মেহেরপুর-১ ও ২, যশোর-৬, মাগুরা-২, সাতক্ষীরা-৪, টাঙ্গাইল-৭, জামালপুর-১ ও ২, ময়মনসিংহ-৭, মানিকগঞ্জ-২, শরীয়তপুর-৩, হবিগঞ্জ-২, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-১।

    সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ঢাকা-৫ আসনে, ১৪ জন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জুন পর্যন্ত। আপিল নিষ্পত্তির পর প্রতীক বরাদ্দ ও অন্যান্য প্রক্রিয়া শেষে ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

    আরও পড়ুন