মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সমাজের কেউ পিছিয়ে থাকবে না। সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে যাবে। কক্লিয়ার ইমপ্লান্ট, হার্টের ভালভ ও স্ট্যান্ট দেওয়ার মতো মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসার ক্ষেত্রেও সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর নীলক্ষেতের বাবুপুরা রোডে সন্ধানী ভবনে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষের শারীরিক ও সামাজিক সমস্যাগুলোর সমাধান করা গেলে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে পারবেন। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভবিষ্যতের চাহিদা বিবেচনায় সন্ধানী চক্ষু সেবা কেন্দ্রের কার্যক্রম আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এ উদ্যোগে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত দক্ষ সার্জন থাকলেও প্রয়োজনীয় কর্নিয়ার অভাবে বিদেশ থেকে তা আমদানি করতে হয়। দেশে প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে মাত্র ২ শতাংশ মানুষও যদি মরণোত্তর চক্ষুদান করেন, তাহলে বাংলাদেশে আর কর্নিয়া আমদানির প্রয়োজন হবে না।
বক্তারা আরও বলেন, রক্তদানে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করলেও সামাজিক কুসংস্কার ও ভীতির কারণে মরণোত্তর চক্ষুদানে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
জাতীয় সংসদে ‘অঙ্গ প্রতিস্থাপন আইন, ২০২৬’ পাস হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সভাপতিত্ব করেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির। এছাড়া, চক্ষুবিজ্ঞান সংশ্লিষ্ট গবেষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী তিনজন কৃতী শিক্ষার্থীর হাতে সন্ধানী শিক্ষাবৃত্তির চেক এবং একজন মরণোত্তর চক্ষুদানকারীকে সম্মাননা কার্ড তুলে দেন।
























