দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি শক্তিশালী কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ দুপুরে বঙ্গভবনে ‘বাংলাদেশ কৃষক সমিতি’র একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজ।
সাক্ষাৎকালে কৃষকদের ভূমিকা ও ত্যাগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, “কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারা দুর্নীতি করেন না, বরং তাদের ঘাম ও পরিশ্রম দিয়েই সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি গড়ে ওঠে। কৃষকরাই দেশ গড়ার প্রকৃত যোদ্ধা।”
কৃষিক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সরকার ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ গ্রহণ করবে বলে জানান রাষ্ট্রপতি। এছাড়া কৃষিপণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে একটি কার্যকরী বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি জানান, কৃষকদের সার্বিক সহযোগিতায় বর্তমান সরকার ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকার একটি নতুন স্কিম চালু করেছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ এবং সহজ শর্তে কম সুদে ঋণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বিনামূল্যে বা স্বল্প সুদে ঋণ সুবিধা, শস্য বীমা চালু, কৃষি উপকরণ সুলভকরণ, বজ পাত থেকে সুরক্ষার ব্যবস্থা এবং কৃষক দিবস পালনের দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেন।
রাষ্ট্রপতি তাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্য বিদেশে রপ্তানি ও কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
























