মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়, শিশুদের ভবিষ্যৎ উন্নয়ন এবং উদীয়মান প্রযুক্তির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, প্রারম্ভিক বিকাশ ও গুণগত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। চিকিৎসা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে ডা. জুবাইদা রহমান শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সঠিক পুষ্টি ও প্রাথমিক সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মেলানিয়া ট্রাম্পও শিশুদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সার্বিক বিকাশে শিক্ষার ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনার একটি বড় অংশজুড়ে ছিল প্রযুক্তি ও আধুনিক শিক্ষা। বর্তমান ডিজিটাল যুগে শিশুদের ইতিবাচক বিকাশে প্রযুক্তির সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রযুক্তির আধুনিক ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলা যায়, সে বিষয়ে উভয় পক্ষই মতামত প্রকাশ করেন।
এই সৌজন্য সাক্ষাৎকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক এবং শিক্ষার মানোন্নয়নে পারস্পরিক আগ্রহের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।



























