জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এক সংক্ষিপ্ত কুশল ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ড. খলিলুর রহমানের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে বৈশ্বিক শান্তি রক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় সংস্কার এবং বর্তমান বিশ্বের নানা ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জোর দাবি জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
একইসঙ্গে তিনি পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আরও স্বচ্ছ ও প্রতিনিধিত্বশীল জাতিসংঘ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।























