জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার জ্বালানি তেলের বর্তমান দাম ও পরিচালন ব্যয় বিবেচনায় নিয়ে নতুন এই ভাড়ার হার নির্ধারণ করেছে। জনস্বার্থে জারিকৃত পুনঃনির্ধারিত এই ভাড়া গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।
মহানগরীতে: মহানগর এলাকায় চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২.৫৩ টাকা থেকে বাড়িয়ে ২.৭০ টাকা করা হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলা: আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.২৩ টাকা থেকে বাড়িয়ে ২.৪০ টাকা করা হয়েছে।
ডিটিসিএ ও অন্যান্য জেলা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ছয়টি জেলায় (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ) চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২.৪৩ টাকার স্থলে ২.৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা বহাল থাকছে। ডিজেলচালিত যানবাহনের জন্য প্রযোজ্য: পুনঃনির্ধারিত এই ভাড়ার হার কেবল ডিজেলচালিত বাসের জন্য কার্যকর হবে; সিএনজি বা গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়।
ভাড়ার তালিকা প্রদর্শন: প্রতিটি বাস ও মিনিবাসের ভেতরের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আসন পুনর্বিন্যাস ও ভাড়া সমন্বয়: আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে বিআরটিএ-এর অনুমোদনে বাসের আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে আনুপাতিক হারে ভাড়া সমন্বয়ের সুযোগ থাকবে।
তবে এর জন্য পূর্বেই সংশ্লিষ্ট রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ বা পরিবহন কমিটির থেকে অনুমোদিত ভাড়ার হার গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, নতুন আদেশ জারির সাথে সাথেই ডিজেলচালিত বাসের ভাড়া সংক্রান্ত পূর্বের সকল প্রজ্ঞাপন রহিত করা হয়েছে।



























