| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ১ ঘণ্টা সময় দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ১ ঘণ্টা সময় দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

    দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী অনলাইনে দেশের বিভিন্ন জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাখ লাখ তরুণ-তরুণীর সঙ্গে সরাসরি যুক্ত হন। নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে প্রায় ২৩ লাখ স্কাউটস, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এই বিপুল তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে নামলে দেশকে দ্রুত পরিবর্তন করা সম্ভব।

    তরুণদের পরিবর্তনের ক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণেরাই প্রমাণ করেছে যে তারা চাইলে দেশ পরিবর্তন করতে পারে। আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার অন্তত ৮০ শতাংশ সমাধানের প্রত্যাশা প্রকাশ করে জমা পানি ও পাত্র পরিষ্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন ও নিরুৎসাহিত করার জন্য তরুণদের নির্দেশনা দেন।

    বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত তরুণদের এ কাজে ব্রতী হওয়ার শপথ পড়ান।

    আরও পড়ুন