| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
  • বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

    বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বৃহস্পতিবার দুর্বল মার্কিন ডলারের কারণে মূল্যবান এই ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং সুদের হার নিয়ে বাজারে তৈরি হওয়া প্রত্যাশাও স্বর্ণের দামে প্রভাব ফেলছে।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে উঠেছে। তবে ডিসেম্বরের সরবরাহের জন্য স্বর্ণের আগাম চুক্তির দাম দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।

    বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা থাকলেও দেশটির ডলার তুলনামূলক দুর্বল রয়েছে। এতে সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ছে। বাজারে এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে নজর রয়েছে।

    বৃহস্পতিবার উৎপাদক পর্যায়ের মূল্যবৃদ্ধির তথ্য প্রকাশের কথা রয়েছে। শুক্রবার প্রকাশিত হবে ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতির তথ্য। এসব তথ্য আগামী দিনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন, চলতি সেপ্টেম্বরের বৈঠক এবং বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে বাজারের হিসাব অনুযায়ী, চলতি মাসেই সুদের হার বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

    এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ায় দেশটির আর্থিক চাপ নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াতে পারে।

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাব বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

    রয়টার্স জানিয়েছে, একই সময়ে রুপার দামও দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ৫০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৮৮ দশমিক ৫ ডলারে দাঁড়িয়েছে।

    আর প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ২ শতাংশ, প্রতি আউন্সে যা ১ হাজার ৩৫৬ দশমিক ২০ ডলার।

    সূত্র: রয়টার্স

    আরও পড়ুন