ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সরকার নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাকে কেন প্রতিষ্ঠানটি থেকে বহিষ্কার বা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ জারি করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষরিত শোকজ নোটিশে ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিবিএ (ব্যবস্থাপনা) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সিফাত গত ৩ সেপ্টেম্বর নিজ বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতা নিয়ে ফেসবুকে সরকার ও মন্ত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সেনা নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নীতিমালার ৯.৮ অনুচ্ছেদ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে স্থায়ী বহিষ্কার বা ছাড়পত্র দেয়ার বিধান রয়েছে।
নোটিশের অনুলিপি অবগতির জন্য সেনাসদর (জিএস শাখা), সদর দপ্তর লজিস্টিকস এলাকা এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
























