| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় রিজার্ভের মূল্যমান বেড়েছে
  • বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় রিজার্ভের মূল্যমান বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

    বিশ্ববাজারে সোনার দাম ক্রমাগত বাড়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে থাকা সোনার আর্থিক মূল্যমান উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পরিমাণের কোনো পরিবর্তন না হলেও কেবল আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের সোনার মূল্য বেড়েছে প্রায় ২ হাজার ৪২২ কোটি ৫২ লাখ টাকা।

    বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা সোনার মোট আর্থিক মূল্য ছিল ১১ হাজার ১৪ কোটি ১০ লাখ টাকা। সদ্য সমাপ্ত অর্থবছর শেষে এর আর্থিক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪ ৩৬ কোটি ৬২ লাখ টাকায়।

    বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে মোট ৪ লাখ ৫৯ হাজার ১৬৩ দশমিক ৫২ ট্রয় আউন্স বা প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি সোনা গচ্ছিত রয়েছে। মজুত এই সোনার বড় একটি অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক—ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত আছে এবং বাকি অংশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা হয়েছে।

    অর্থনীতিবিদদের মতে, বিশ্ববাজারে বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সোনার দাম বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ সোনার রিজার্ভ থাকা দেশের অর্থনীতির জন্য এক ধরনের শক্ত নিরাপত্তা ও লাভজনক সম্পদ হিসেবে কাজ করছে।

    আরও পড়ুন