আজ ৮ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৯ শতাংশে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সাক্ষরতা বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হলেও এখনও একটি বড় অংশ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে ঝরে পড়া শিশু, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের কাজের উপযোগী কারিগরি শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতার আওতায় আনাই এখন মূল লক্ষ্য।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করেছে— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন।
উল্লেখ্য, সাক্ষরতার গুরুত্ব প্রচার এবং নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে ১৯৬৭ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বব্যাপী ৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে।































