| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • নৃ-গোষ্ঠীর মানোন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী
  • নৃ-গোষ্ঠীর মানোন্নয়নে কাজ করছে সরকার: টেলিযোগাযোগ মন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।

    টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

    তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণ যুবকদের ইংরেজি, চাইনিজ ও জাপানি ভাষা শিখতে হবে। জাপান ও চীনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মীর চাহিদা ব্যাপক। তাদের ভাষা শেখা এবং সংস্কৃতি চর্চা আরও গতিশীল করার জন্য কালচারাল সেন্টার করা হবে।

    মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। আমাদের অভিভাবকরা ভাল নেই। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে তাদের ধরে ধরে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

    মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন এবং খুররম খান ইউসুফজি।

    আরও পড়ুন