আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ, উদ্ধার এবং পুনর্বাসন প্রক্রিয়ার জন্য নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’-য় এক অনুষ্ঠানে এই আর্থিক সহযোগিতার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা এক সমবেদনা ও সংহতি বার্তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে নেপালের উত্তরাঞ্চলে পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এ ঘটনায় ১,২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ব্যাপক এই দুর্যোগে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়ে মারাত্মক মানবিক সংকট তৈরি হয়।
নেপালের এই চরম বিপদের দিনে বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে এই বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও সেদেশের শোকসন্তপ্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় অবস্থিত নেপালি দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া নেপালের এই মর্মান্তিক ট্র্যাজেডিতে গভীর সমবেদনা প্রকাশ করে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গৃহীত হয়।


























