| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • পাকিস্তানে হাসপাতালে আগুনে ১৫ নবজাতক নিহত
  • পাকিস্তানে হাসপাতালে আগুনে ১৫ নবজাতক নিহত

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে লাগা আগুনে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) এ ঘটনা ঘটে।

    টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা সিঁড়ি ব্যবহার করে ও ভাঙা জানালা দিয়ে হাসপাতালের ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশ করছেন। ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন লেগেছিল।

    এতে বলা হয়, উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়। এতে আরও বলা হয়, আগুন সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয় এবং শিশুদের দ্রুত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। তবে ১৫টি শিশু ‘সম্পূর্ণ পুড়ে গেছে’ বলে জানানো হয়।

    ঘটনা তদন্ত করার জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের (জেনারেল) নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। সকাল ৭টায় আগুন লাগে জানিয়ে পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, ওয়ার্ডে ১৫টি শিশু ছিল। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

    তিনি বলেন, অন্তত একটি শিশুকে একজন চিকিৎসক বাঁচিয়েছেন। মালিক ইসরার ভাগ্নি গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় শিশুদের এমন একটি ভবনে রাখা হয়েছিল যেখানে মেরামত ও সংস্কার কাজ চলছিল।

    তিনি বলেন, আগুন লাগার পর রোগীদের ভবন খালি করতে বলা হয়। তখন সদ্য সন্তান জন্মদান দেওয়া নারীদের দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামতে হয়েছে।

    ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিমস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এটি দেশটির রাজধানীর দুটি প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্রের একটি এবং এতে বেশ কয়েকটি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

    সূত্র: ডন

    আরও পড়ুন