শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলতে নেমে হতাশার এক ম্যাচ পার করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করার পর ব্যাট হাতেও কোনো অবদান রাখতে পারেননি তিনি।
ফলে গল গ্যালান্টসের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তার দলকে। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে গল গ্যালান্টস। ইনিংসের শেষ দিকে জাফনার ফিল্ডারদের একের পর এক ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সেই ভুলের সূচনা করেন সাকিবই।
১৭তম ওভারের শেষ বলে সহজ একটি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন তিনি। এরপরের ওভারেও জাফনার ফিল্ডিং ছিল এলোমেলো। দুনিথ ভেল্লালাগে টানা দুটি ক্যাচ হাতছাড়া করেন, পরে ডেভিড ভিসাও একটি সুযোগ নষ্ট করেন।
মাত্র চার বলের ব্যবধানে তিনটি ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে গলের ব্যাটাররা ঝড় তোলেন। বিশেষ করে সাহান আরাচিগে তিনবার জীবন পেয়ে ৩৬ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ দিকে ক্রিস লিনের ২২ বলে ৪৬ ও মোহাম্মদ নেওয়াজের ২৭ রানে ভর করে গল ২০ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান তোলে।
বল হাতে সাকিব অবশ্য মোটামুটি নিয়ন্ত্রিত ছিলেন। তিনি ৩ ওভার বল করে ২৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। তবে রান তাড়ায় নেমে আরও বড় ধাক্কা খায় জাফনা। চার নম্বরে ব্যাট করতে নেমে থারিন্দু রত্ননায়েকের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাকের শিকার হন সাকিব। তার দ্রুত বিদায়ের পর জাফনার ব্যাটিং লাইনআপ আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ডেভিড ভিসা ও ভেল্লালাগে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও বড় লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। ভেল্লালাগে সর্বোচ্চ ৫৬ রান করেন, ভিসার ব্যাট থেকে আসে ২২ রান। ১৭.৫ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় জাফনা কিংস।
গলের হয়ে এহসান মালিঙ্গা ও থারিন্দু রত্ননায়েকে তিনটি করে উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাফনার জন্য ম্যাচটি হয়ে থাকে ফিল্ডিংয়ের ভুল আর ব্যাটিং ব্যর্থতার এক হতাশার অধ্যায়, যেখানে সাকিবও নিজের ছাপ রাখতে পারেননি।


























