ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপের রেকর্ডবুকে আরেকবার নাম লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচের শুরুর একাদশে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এতে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে কোনো ম্যাচ শুরু করার রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। হিউস্টনে গ্রুপ ‘কে’র ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করছে পর্তুগাল। এই ম্যাচে মাঠে নামলেই ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁবেন রোনালদো। তবে একাদশে নাম ওঠার সঙ্গে সঙ্গেই বয়সের রেকর্ডে মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক।
রোনালদোর সামনে আরও বড় ইতিহাসের হাতছানিও আছে। ডিআর কঙ্গোর বিপক্ষে গোল পেলে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন তিনি।
এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গোল করেছেন পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৪৩ গোল করেছেন তিনি। এর মধ্যে বিশ্বকাপে তার গোল ৮টি।
২০২২ কাতার বিশ্বকাপে এক গোল করেছিলেন রোনালদো। সেবার কোয়ার্টার-ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। ক্লাব ফুটবলে এখন আর ইউরোপের শীর্ষ লিগে খেলছেন না রোনালদো। তবে গোলের ধার কমেনি তার।
সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে চার মৌসুমে করেছেন ১২৯ গোল। সেই ছন্দ নিয়েই এবার বিশ্বকাপে নামছেন তিনি।
























