দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। একইসঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুস জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা, অর্থাৎ পাকা সোনার দাম বাড়ায় দেশের বাজারেও সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেট সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
২১ ক্যারেট রুপার দাম বেড়ে হয়েছে ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৪ টাকা। এর আগে ৯ মার্চ বাজুস ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল। তখন ২১ ক্যারেটের দাম কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা করা হয়।
এরও আগে, ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম এক দফায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ছিল দেশের বাজারে রেকর্ড সর্বোচ্চ।

































