রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারি কাজ ও দাপ্তরিক নথিপত্রে এই সম্মানসূচক শব্দগুলো ব্যবহারে এই কড়াকড়ি আরোপ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। পরিপত্র জারির দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সাথে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পদবির পূর্বে সম্মানসূচক শব্দ হিসেবে যথাক্রমে ‘মহামান্য’ এবং ‘মাননীয়’ শব্দ লিখিতরূপে আর ব্যবহার করা যাবে না।
সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সকল দপ্তর ও সংস্থাকে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছে।
































