প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই। আজ রোববার রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নেন।
আজ বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানিয়েছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে।
নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সফলতার সাথে কাজ করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ছাড়াও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাথে যুক্ত ছিলেন।
























