বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। একই সাথে ঢাকাসহ দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য ইউনিটে দলীয় কার্যালয় কিংবা মসজিদে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

























