| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ফ্যাসিস্টের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন

    বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থা তাঁদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

    মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এদিন সংসদে সরকারি চাকরির শূন্য পদের একটি বড় খতিয়ান তুলে ধরেন প্রতিমন্ত্রী। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

    তবে বর্তমানে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি। প্রশাসনের শীর্ষ পদগুলোর চিত্র তুলে ধরে তিনি জানান, সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন।

    অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন (অতিরিক্ত ১০ জন), যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, সারা দেশে বিভিন্ন ক্যাডারে বর্তমানে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি।

    সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কাজ করছে সরকার। তিনি জানান, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে ৩ বছর ৭ মাস সময় লাগলেও পর্যায়ক্রমে তা কমিয়ে আনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারের লক্ষ্য রয়েছে আগামী ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করার।

    গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নৈতিকতা বজায় রাখতে সরকার কঠোর। কোনো কর্মকর্তার নৈতিক স্খলনজনিত বিষয় নজরে এলে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজু করা হয়। কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ১৮০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া, সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা ও কর্মচারীর হার ২৯ শতাংশ।

    নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত রাখা হচ্ছে। মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহার করার নীতি বাস্তবায়িত হচ্ছে।

    আরও পড়ুন