বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে চাকরি বাগিয়ে নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পর জাল শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে মাউশি। নোটিশের জবাব পেলেই শিগগির এমপিও এবং নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে।
মাউশি সূত্র জানায়, ডিআইএর প্রতিবেদন অনুযায়ী প্রথম ধাপে ৪৭১ জন জাল সনদধারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন জাল শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।


























