আজ সন্ধ্যার মধ্যে দেশের পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে এবং দুই অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলো হলো- রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট। একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে রাজশাহী ও সিলেট অঞ্চলের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


























