জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি জ্বালানি সংকটের মধ্যে দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি এবং মোবাইল অপারেটর সংশ্লিষ্টদের নিয়ে দুই দফা যৌথ সভা আহ্বান করা হয়েছে। আজ বুধবার বিটিআরসিতে প্রথম সভা অনুষ্ঠিত হবে।
বিটিআরসি থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের কাছে সম্প্রতি পাঠানো চিঠিতে বলা হয়, ‘দেশব্যাপী নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটর ও টাওয়ারকো অপারেটরদের নেটওয়ার্ক সব সময় সচল রাখা অপরিহার্য।
দেশের চলমান পরিস্থিতিতে মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের কারণে মোবাইল অপারেটরদের সাইট ডাউন হওয়াসহ মোবাইল পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সার্ভারসমূহ প্রায়ই ডাউন হচ্ছে, ফলে নিরবচ্ছিন্ন টেলিকম সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা সচল রাখতে জেনারেটরের ওপর অপারেটরদের নির্ভরশীলতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে, মোবাইল অপারেটর ও টাওয়ারকো অপারেটরদের জ্বালানি পরিবহন এবং টাওয়ার সাইটে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ থেকে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ সই করা চিঠিতে আরও বলা হয়, ‘এ অবস্থায়, দেশের জরুরি টেলিকম সেবা নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানোর জন্য সবিনয়ে অনুরোধ জানানো হলো।’
























