আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের অনিয়ম, বাধা বা প্রভাব বিস্তার সহ্য করা হবে না।
বিশ্ব হাত ধোয়া দিবসে বুধবার (২৮ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে মীর শাহে আলম বলেন, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো শান্তিপূর্ণ করাবে সরকার।
জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থা হলো তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন ও সেবামূলক কাজের প্রধান চালিকাশক্তি। এই নির্বাচনে জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচন করবেন, তারাই প্রতিনিধি হিসেবে কাজ করবেন। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশন যাতে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, সে জন্য স্থানীয় সরকার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে। দল-মত নির্বিশেষে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
তৃণমূল পর্যায় পর্যন্ত জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে সঠিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি নির্বাচন অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী সব রাজনৈতিক দল ও ভোটারদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।
























