ইরানের সঙ্গে পরিস্থিতি ‘বেশ ভালোভাবেই চলছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘ইরানের পরিস্থিতি ভালোভাবেই চলছে– একেবারেই ভালো চলছে। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর ওপর আমাদেরই পূর্ণ নিয়ন্ত্রণ আছে, অন্য কারো নয়, কেবল আমাদেরই।
আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য রকমের ভালো এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে অবিশ্বাস করার ক্ষেত্রে আমিই সবার আগে থাকব, তারা আমার সঙ্বেগ প্রতিনিয়ত মিথ্যা কথা বলেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালী পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে। তবে কূটনৈতিক অগ্রগতির মধ্যেই উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন করে হামলার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পরিস্থিতি আবারও শান্তি বা চুক্তির অনুকূলে এগোচ্ছে। তিনি বলেন, গত দুই-তিন দিনের সংকেত বলছে, আমরা কোনো ধরনের সমঝোতার খুব কাছাকাছি।
সূত্র: আল জাজিরা



























