মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) রাতে মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। দেশটির প্রেসিডেন্টের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠককালে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ এবং মানুষের মধ্যে যোগাযোগের ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায়গুলো নিয়ে তারা আলোচনা করেন। উভয় পক্ষ মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছেন। মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলন শেষে মালদ্বীপে গেলেন পররাষ্ট্র মন্ত্রী।























