| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্ধারিত সময়েই চলছে ট্রেন
  • রমুখো মানুষের ঢল

    নির্ধারিত সময়েই চলছে ট্রেন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

    পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঈদের ছুটি। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। তবে স্বস্তির খবর হলো- নির্ধারিত সময় মেনেই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, এতে যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি।

    মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। স্টেশনে ভিড় থাকলেও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে ইতোমধ্যে ২৪টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে, যার মধ্যে ৫টি লোকাল ট্রেন।

    সারাদিনে মোট ৬০টি ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাবে, এর মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন। রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেন দিয়ে দিনের কার্যক্রম শেষ হবে। তিনি আরও জানান, এবারের ঈদযাত্রায় যাতে কোনো ধরনের শিডিউল বিপর্যয় না ঘটে, সেজন্য সবাই সতর্কভাবে দায়িত্ব পালন করছেন। যাত্রীরা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    স্টেশনে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রবেশপথে কিউ সিস্টেম চালু করা হয়েছে এবং টিকিট প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং জিআরপি পুলিশের সদস্যরা স্টেশনে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্কাউট ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি দল যাত্রীদের সহায়তায় কাজ করছে।

    ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি তিন জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছ। এ ছাড়া ঈদের দিন আরও দুটি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি জোড়া ট্রেন ভৈরব বাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলাচল করবে।

    রাজশাহীগামী যাত্রী মিজানুর রহমান বলেন, আগে ট্রেন দেরিতে ছাড়ত, অনেক ভোগান্তি ছিল। কিন্তু এবার ঠিক সময়েই ট্রেন ছাড়ছে, তাই অনেক স্বস্তি লাগছে। চট্টগ্রামগামী যাত্রী নাসরিন আক্তার বলেন, স্টেশনে ভিড় অনেক হলেও নিরাপত্তা ব্যবস্থা ভালো। টিকিট ছাড়া কাউকে ঢুকতে না দেওয়াটা ভালো উদ্যোগ।

    ময়মনসিংহগামী আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, বিশেষ ট্রেন চালু করায় চাপ কিছুটা কমেছে। আশা করছি, আরামেই বাড়ি পৌঁছাতে পারবো। সব মিলিয়ে এবারের ঈদযাত্রায় ট্রেনের সময়ানুবর্তিতা ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

    আরও পড়ুন