| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • হঠাৎ ভারত সফরে বিসিবি সভাপতি তামিম
  • হঠাৎ ভারত সফরে বিসিবি সভাপতি তামিম

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

    হঠাৎ করেই ভারত সফরে গেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স ঘুরে দেখে আধুনিক ক্রিকেট অবকাঠামো ও প্রশিক্ষণব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য।

    পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবেই এই সফর। বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

    একই সঙ্গে দ্রুত প্রকল্পের কাজ শুরু করার ওপর গুরুত্বারোপ করেন বোর্ড সভাপতি তামিম। সেই সিদ্ধান্তের পরদিনই ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। ইতোমধ্যে ভারতে পৌঁছে গেছেন বিসিবি সভাপতি। এই সফরের মূল উদ্দেশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।

    সেখানে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, ফিটনেস ল্যাব, জিম এবং ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ও প্রযুক্তি সরেজমিনে দেখবেন তামিম।
    বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিমও এ সফরে তার সঙ্গী হিসেবে ভারতে গেছেন।

    বিসিবির পরিকল্পনা, পূর্বাচলে এমন একটি আধুনিক ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলা, যেখানে আন্তর্জাতিক মানের অনুশীলন সুবিধার পাশাপাশি থাকবে স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন ও পারফরম্যান্স বিশ্লেষণের সর্বাধুনিক ব্যবস্থা। সেই লক্ষ্যেই বিসিসিআইয়ের সফল মডেলটি কাছ থেকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বোর্ড।

    তবে সফরকালে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে তামিম ইকবালের বৈঠক হলেও সেখানে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ কিংবা অন্য কোনো ক্রিকেটীয় ইস্যু নিয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    যদিও বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ঘরের মাঠে ঝুলে থাকা ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করবেন তারা। যদিও বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তামিম জানিয়েছিলেন, ইতোমধ্যে ভারত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বিসিবির।

    এই সফরটি ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে দুই বোর্ডের মধ্যে তৈরি হয় প্রবল টানাপোড়েন।

    সিরিজটি আরও পিছিয়ে অনিশ্চিত হয়ে যায়। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায় কিনা!

    আরও পড়ুন