বিশ্ব ফুটবলে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি শেষ দেখা গেছে ১৯৬২ সালে, যখন ব্রাজিল শিরোপা ধরে রেখেছিল। এরপর কেটে গেছে দীর্ঘ ৬৪ বছর। এবার ২০২৬ বিশ্বকাপে সেই ইতিহাস নতুন করে লেখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই অভিযানের নেতৃত্বে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ধারণা করেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি। কিন্তু ৩৯ বছর বয়সী এই মহাতারকা আরও একটি বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে পূর্ণ ফিটনেসে ফিরছেন মেসি।
১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযান। আগের মতো ধারাবাহিক গোল না করলেও মাঠে তার অভিজ্ঞতা, খেলার নিয়ন্ত্রণ এবং সেট-পিস দক্ষতা এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। এবার গোলের চেয়ে দলের নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পার্থক্য গড়ে দেওয়ার দায়িত্বই বেশি থাকবে তার ওপর।
নিজ দেশের মাটিতে বাছাইপর্বের শেষ ম্যাচ খেলার পর আবেগঘন প্রতিক্রিয়ায় মেসি বলেছিলেন, আর্জেন্টিনার সমর্থকদের সামনে খেলতে পারা সবসময়ই বিশেষ অনুভূতির। কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ স্কোয়াডে কাতারজয়ী দলের ১৭ জন খেলোয়াড়কে ধরে রেখেছেন। আক্রমণভাগে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পল আর্জেন্টিনার খেলার মূল চালিকাশক্তি। অন্যদিকে রক্ষণভাগে নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে গোলপোস্টে থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন উদীয়মান প্রতিভা নিকো পাজ ও ভ্যালেন্টিন বার্কো। তবে ফ্রাঙ্কো মাস্তানতুওনো এবং আলেহান্দ্রো গারনাচোকে দলে না রাখার সিদ্ধান্ত বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন কোচ লিওনেল স্কালোনি। তার অধীনে দলটি জিতেছে দুটি কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও দারুণ আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারানো ছিল তাদের অন্যতম সেরা পারফরম্যান্স। যদি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, তবে স্কালোনি ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন।
কাগজে-কলমে তুলনামূলক সহজ গ্রুপে থাকলেও কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্মৃতি এখনও সতর্ক করে রাখছে দলটিকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনার ম্যাচসূচি হচ্ছে ১৭ জুন সকাল ৭টায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। ২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। ২৮ জুন সকাল ৮টায় জর্ডান বনাম আর্জেন্টিনা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান স্কোয়াড ও অভিজ্ঞতার কারণে আর্জেন্টিনা অনায়াসেই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে। তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে স্পেন ও ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে।
তবুও ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মেসির দিকে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তিনি কি পারবেন আরও একবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফি উঁচিয়ে ধরতে? সেই উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই।
























