কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ বুধবার (৬ মে) কক্সবাজার সফর করেছেন। তারা উখিয়া উপজেলায় অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) শিবিরগুলো পরিদর্শন এবং মানবিক সেবা প্রদান ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধিদলটি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) খাদ্য বিতরণ কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের বিদ্যালয়, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতাল এবং কুতুপালংয়ে রোহিঙ্গা নারীদের দ্বারা পরিচালিত একটি ইউনিক্লো প্ল্যান্ট পরিদর্শন করে।
প্রতিমন্ত্রী যুব ও নারী সদস্যসহ রোহিঙ্গা সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভাও করেন। প্রতিমন্ত্রী যথাযথ সহানুভূতির সঙ্গে তাদের কথা শোনেন এবং শিবিরে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি রাখাইন রাজ্যে তাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বিকেলে প্রতিমন্ত্রী কক্সবাজারে আরআরআরসি কার্যালয়ে একটি অংশীজন পরামর্শ সভায় অংশগ্রহণ করেন। এই পরামর্শ সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থা, জাতিসংঘ, এনজিও এবং আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তার বক্তব্যে প্রতিমন্ত্রী দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের কল্যাণে অক্লান্ত সেবার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের পৈতৃক নিবাসে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার সরকারি নীতিকে সমর্থন করার জন্য সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন।
সভা শেষে তিনি সংক্ষিপ্তভাবে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং কক্সবাজারে তার দিনব্যাপী কার্যক্রম ও এই দীর্ঘস্থায়ী মানবিক সংকট সম্পর্কিত বাংলাদেশ সরকারের নীতিগত অগ্রাধিকারগুলো সম্পর্কে তাদের অবহিত করেন। তিনি বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে রোহিঙ্গা সংকট তুলে ধরতে বর্তমান সরকারের নতুন করে নেওয়া প্রচেষ্টার ওপর আরও জোর দেন।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রোহিঙ্গা শিবিরগুলোতে এটিই ছিল পররাষ্ট্র দপ্তরের প্রথম উচ্চপর্যায়ের সফর।

























