ফ্রান্সের প্যারিসে মারা গেছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। তার মৃত্যুকে ‘রহস্যজনক’ বলে দাবি করেছে ফ্রান্স পুলিশ। গত রোববার (৩ মে) রাতে প্যারিস বিজনেস স্কুলের হোস্টেলে এই ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় বাঙালি কমিউনিটির মাঝে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
ওই শিক্ষার্থীর নাম মহাদেব ঘোষ। ২৪ বছর বয়সী মহাদেব উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এসেছিলেন প্যারিসে। যুক্তরাষ্ট্রের জামিল-বৃষ্টি খুন হওয়ার ঘটনায় পুরো দেশ যখন শোক পালন করছে, ঠিক তখনই ঘটেছে এই মর্মান্তিক মৃত্যু। তার মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, মহাদেব ঘোষ ‘প্যারিস বিজনেস স্কুল’র এমবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকায়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায় দম্পতির ছেলে মহাদেব ঘোষ।
মহাদেবের মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি।
আশরাফ ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ফরাসি পুলিশ মহাদেব ঘোষের মরদেহ প্যারিসের ৯২ ডিপার্টমেন্টের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। আগামী ১১ মের দিকে ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
তিনি আরও জানান, কী কারণে মহাদেবের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

