ভারতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দলও এই সম্মেলনে যোগ দেবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীকে মূলত ব্রিকস সম্মেলনে আলাদাভাবে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বহুপক্ষীয় জোট বিমসটেকের (BIMSTEC) বর্তমান সভাপতি বা চেয়ারপারসন হিসেবে তাঁকে আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
বাংলাদেশের সরকার প্রতিনিধি হিসেবে কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ না থাকায় এই সম্মেলনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি অনুকূল পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফরে যাবেন।
বহুপক্ষীয় কোনো সম্মেলনের চেয়ে ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈঠককেই বর্তমানে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।























