দেশে অবারিত বাকস্বাধীনতা থাকলেও তা যেন কোনোভাবেই শালীনতার সীমা লঙ্ঘন না করে—সব রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। একই সঙ্গে তিনি রাজনীতি থেকে গালাগালির সংস্কৃতি পরিহার করার তাগিদ দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এ কথা বলেন। রাজনৈতিক সংস্কৃতির বর্তমান ও অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে জনগণের সব গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।
বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং বাকস্বাধীনতা অবারিত হয়েছে। তবে এ স্বাধীনতার চর্চা করতে গিয়ে যেন শালীনতার মাত্রা পার না হয়, সেদিকে সকলকে সচেতন থাকতে হবে।
জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, পারিবারিক বা ব্যক্তিগত পরিবেশে যেসব শব্দ ব্যবহারে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করে না, জনপ্রতিনিধি হয়ে জনপরিসরে কেন সেসব শব্দ ব্যবহার করা হবে?
সংসদ নেতা আরও বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেন কোনোভাবেই গালাগালি ও কাদা ছোড়াছুড়িতে পরিণত না হয়। একটি রুচিশীল ও শালীন সমাজ গঠনে এই অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
























