| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে ব্যবহারের তাগিদঃ তথ্য প্রতিমন্ত্রী
  • অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে ব্যবহারের তাগিদঃ তথ্য প্রতিমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা জনসেবা ও কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণের লক্ষ্য কেবল সনদ অর্জন নয়; বরং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

    আজ বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর সেমিনার কক্ষে ১০ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা সমাপন ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রশাসন ও কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

    তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী। এর আগে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে স্মারক (ক্রেস্ট) তুলে দেন তিনি।

    সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    আরও পড়ুন