পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যানবাহন নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে ১২ সেনাসদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তান সীমান্তসংলগ্ন ট্যাংক জেলায় হামলার পর চালানো পাল্টা অভিযানে ১২ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে পরিচালিত নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। জঙ্গিরা প্রথমে চৌকিতে প্রবেশের চেষ্টা চালায়। তবে ব্যর্থ হলে বিস্ফোরকবোঝাই একটি যান চৌকির বাইরের দেয়ালে আঘাত করে বিস্ফোরণ ঘটানো হয়।
এতে ঘটনাস্থলেই ১২ সেনাসদস্য এবং তিন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির দাবি, এ অভিযানে চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল।
সূত্র: রয়টার্স






















