শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন। শুক্রবার (২৪ জুলাই) তার পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বঙ্গভবন ছাড়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন মো. সাহাবুদ্দিন। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়। পরে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। স্পিকার বলেন, রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ।
হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগও শনাক্ত হয়েছে। এসব কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।























