ইনজুরি বা চোট নিয়ে প্রশ্ন শুনেই রীতিমতো মেজাজ বিগড়ে গেল ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের। জাতীয় দলের ক্যাম্পে পাড়ি জমানোর ঠিক আগে নিজের পুরোনো ক্লাব সান্তোসের খেলা দেখতে গিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি।
সেখানে নিজের ফিটনেস নিয়ে করা একটি প্রশ্নের জবাবে বেশ আক্রমণাত্মক ও বিরক্তিকর সুরেই উত্তর দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। ঘটনার সূত্রপাত সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে।
কোপা সুদামেরিকানার প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে দেপোর্তিভো কুয়েনকার বিপক্ষে মাঠে নেমেছিল সান্তোস। গ্যালারিতে বসে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোকে সঙ্গে নিয়ে প্রিয় ক্লাবের ৩-০ গোলের দাপুটে জয় উপভোগ করেন নেইমার।
তবে ম্যাচ শেষে মিক্সড জোনে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়েই ঘটে বিপত্তি। ডান পায়ের কাফ মাসলের চোটের কারণে তিনি কোচ কার্লো আনচেলত্তির কৌশল সাজানোর ক্ষেত্রে কোনো ‘সমস্যা’ হয়ে দাঁড়াবেন কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নে দৃশ্যতই ক্ষুব্ধ হন নেইমার।
নিজের পায়ের দিকে ইঙ্গিত করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ভঙ্গিতে তিনি বলেন, ‘এই তো এখানে, পুরো আস্তই আছে!’ বিশ্বকাপের আগে এই চোট কোনো ভোগান্তি বা সমস্যা ডেকে আনবে কি না, এমন সম্পূরক প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে নেইমারের কড়া পাল্টা জবাব ছিল, ‘সমস্যা? কিসের সমস্যা?’
সংবাদমাধ্যমের ওপর নেইমার চটে গেলেও, তার এই আত্মবিশ্বাসের পেছনে অবশ্য জোরালো মেডিকেল ভিত্তি রয়েছে। সান্তোস ক্লাব কর্তৃপক্ষের দেওয়া রিপোর্ট অনুযায়ী, তার কাফ মাসলের গ্রেড-২ ইনজুরির মাত্রা খুবই সামান্য। সেখানে ফোলা বা আঘাতের পরিমাণ ২ মিলিমিটারেরও কম।
এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১০ দিনের বিশ্রামের প্রয়োজন হয়। কুরিটিবার বিপক্ষে ম্যাচের পর গত মঙ্গলবার (২৬ মে) নেইমারের সেই নির্ধারিত বিশ্রামকাল পূর্ণ হয়েছে। গত এক সপ্তাহ তিনি মাঠের অনুশীলন থেকে দূরে থেকে কেবল নিবিড় ফিজিওথেরাপির ওপরই জোর দিয়েছেন।
নেইমারের ফিটনেস নিয়ে বেশ আশাবাদী সান্তোসের কোচ কুকাও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই তারকার শারীরিক অবস্থার কথা তুলে ধরে বলেন, ‘নেইমার প্রতিদিন উন্নতি করছে। আগামীকালই সে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবে। এখানে তার চিকিৎসাপর্ব পুরোটাই সম্পন্ন হয়েছে। এখন বাকি সামান্য কিছু কাজ সেলেসাওদের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে জাতীয় দলের ক্যাম্পেই হবে।’


























