৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • ৩ বছরের শিশুকে হত্যা করেছে বাবা
  • ৩ বছরের শিশুকে হত্যা করেছে বাবা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ

    রাজধানীর বাড্ডায় হৃদয়বিদারক ঘটনায় মাদকাসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ বছর বয়সি এক শিশুর। অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম হাবিব। মঙ্গলবার (২৮ এপ্রিল) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাড্ডার বড় বেড়াইদ পশ্চিম ঋষিপাড়া এলাকায় জুলহাস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারটির গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে।

    বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, রিকশাচালক শাহিন তার স্ত্রী শিল্পী খাতুন ও দুই সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় বড় ছেলে বাসায় ছিল না।

    শিশুটির মা ওষুধ কিনতে বাইরে গেলে ঘরের ভেতরে একা ছিল শিশু হাবিব ও তার বাবা। কিছুক্ষণ পর মা ফিরে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে শাহিন দরজা খুলে নিজেই স্বীকার করেন, তিনি তার ছেলেকে হত্যা করেছেন। পরে ঘরে ঢুকে বিছানার ওপর শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন শ্বাসরোধে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।

    এছাড়া পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শাহিন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। না দিতে চাইলে মারধরও করতেন। এসব নিয়েই সংসারে অশান্তি চলছিল।

    তবে কী কারণে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

    আরও পড়ুন