২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • গোল্ড কার্ড ভিসা কর্মসূচিতে সাড়া পায়নি ট্রাম্প
  • গোল্ড কার্ড ভিসা কর্মসূচিতে সাড়া পায়নি ট্রাম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বহুল আলোচিত ‘গোল্ড কার্ড’ ভিসা কর্মসূচি প্রত্যাশিত সাড়া পায়নি। কর্মসূচি চালুর কয়েক মাস পরও এখন পর্যন্ত মাত্র একজন আবেদনকারী অনুমোদন পেয়েছেন বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

    কংগ্রেসের হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে লাটনিক জানান, বর্তমানে শতাধিক আবেদন প্রক্রিয়াধীন থাকলেও অনুমোদনের সংখ্যা খুবই সীমিত। তিনি বলেন, নতুন হওয়ায় কর্মসূচির যাচাই-বাছাই প্রক্রিয়া সময়সাপেক্ষ হচ্ছে।

    এর আগে, গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, মাত্র কয়েক দিনের মধ্যেই এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের ‘গোল্ড কার্ড’ ভিসা বিক্রি হয়েছে। তবে বাস্তবে অনুমোদনের ধীরগতি সেই দাবির সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে।

    এই কর্মসূচির আওতায় আবেদনকারীদের ১৫ হাজার ডলার ফি এবং এক মিলিয়ন ডলার অনুদান দিতে হয়, যার বিনিময়ে যুক্তরাষ্ট্রে দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায়। কর্পোরেট স্পন্সরশিপের ক্ষেত্রেও রয়েছে উচ্চ অর্থমূল্যের শর্ত।

    বিশ্লেষকরা বলছেন, কঠোর যাচাই-বাছাই, আইনি জটিলতা এবং সমালোচনার কারণে কর্মসূচিটি কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না। এরই মধ্যে এই ভিসা নীতির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে—এই কর্মসূচি দক্ষতার চেয়ে সম্পদকে অগ্রাধিকার দিচ্ছে।

    পর্যবেক্ষকদের মতে, উচ্চমূল্যের বিনিময়ে নাগরিকত্ব বা আবাসনের সুযোগ দেওয়ার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে।

    সূত্র: ফোর্বস

    আরও পড়ুন