আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর নীতিবাচক পূর্বাভাসের মুখেও চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত ৬ দশমিক ৫ শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে সরকার। সম্প্রতি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার সাইডলাইনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী ও সরকারের নীতিনির্ধারকরা এই প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আইএমএফের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে ৩.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যান্য বহুপাক্ষিক সংস্থাও প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়ে ধরেছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এসব হিসাব বা প্রক্ষেপণ নিয়ে সরকার কোনো আনুষ্ঠানিক বিতর্কে যেতে চায় না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাগুলো তাদের নিজস্ব বিশ্লেষণ থেকে প্রাক্কলন করে থাকে। বাজেট বক্তৃতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করতেই কাজ করছে সরকার।
সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারকদের মতে, সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রার চাপ ও ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে বেশ কিছু কৌশলগত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে কর-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করা, ব্যাংক খাতে শৃঙ্খলা ও আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
একই সাথে বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে ভবিষ্যৎ অংশীদারত্ব এবং প্রয়োজনীয় অর্থায়নের বিষয়ে আলোচনা চলছে, যা দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থবছর শেষে কাক্সিক্ষত এই অর্থনৈতিক অর্জন সম্ভব হবে বলে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বিশ্বাস করেন।































