দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম তরান্বিত করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা ও অংশীদারত্বের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের (ইউএস ট্রেজারি) ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব তথ্য জানান। ড. তিতুমীর বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রস্তাবিত সহায়তার অগ্রগতি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুনির্দিষ্ট রূপরেখা বা আশ্বাস বাস্তবায়নের চিত্র স্পষ্ট হয়ে উঠবে।
উপদেষ্টা ড. তিতুমীর জানান, বর্তমান সরকারের সংস্কার ভাবনার সঙ্গে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সুশাসন প্রতিষ্ঠা, রাজস্ব বৃদ্ধি এবং কাঠামোগত স্থিতিশীলতা আনার লক্ষ্যের নীতিগত মিল রয়েছে। অতীত লুটপাট ও অনিয়মের ক্ষতি কাটিয়ে অর্থনীতিতে গতি ফেরাতে এবং ব্যাংক খাতে আস্থা পুনপ্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে।
তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং ব্যাক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের কার্যকারিতা বাড়াতে পুনঃঅর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক অংশীদারদের এ ধরণের সহযোগিতা বাংলাদেশের রিজার্ভ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি এবং উৎপাদনশীল শিল্প সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থানমুখী অর্থায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে আন্তর্জাতিক আর্থিক অংশীদারদের এ ধরনের সমর্থন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।































