| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • ক্যান্সার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
  • ক্যান্সার চিকিৎসায় যুক্ত হচ্ছে ১৭টি রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

    সরকার ক্যান্সার রোগীদের চিকিৎসা সহজ ও সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন দেশের বিভিন্ন হাসপাতালে যুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    তিনি বলেন, ‘এই ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিনের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজে ছয়টি এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১টি মেশিন স্থাপন করা হবে। প্রয়োজনীয় টেকনিশিয়ান ও ম্যানপাওয়ার প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।’

    দেশের বিপুলসংখ্যক ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চিকিৎসাব্যবস্থা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন এই ১৭টি অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিনের মধ্যে ৬টি ঢাকার বিশেষায়িত হাসপাতালগুলোতে এবং বাকি ১১টি ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে স্থাপন করা হবে। ফলে চিকিৎসাপ্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা ও ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে।

    সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশে দ্রুতই ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও যন্ত্রপাতির সংকট ও কেমোথেরাপি-রেডিওথেরাপি সরঞ্জাম বিকল থাকায় অনেক দরিদ্র রোগী সঠিক সময়ে চিকিৎসা নিতে পারছেন না। এই সমস্য দূর করতেই নতুন সরঞ্জামগুলো দ্রুত স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মেশিনগুলো সঠিকভাবে পরিচালনা ও সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ানদের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে চালু করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

    সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে জনসাধারণের জন্য সুলভ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি আশ্বাস দেন।

    আরও পড়ুন