জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিভাগের ৯৮ জন রাজস্ব কর্মকর্তাকে বদলি করে দেশের বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা কাস্টমস হাউস, চট্টগ্রাম কাস্টমস হাউস, খুলনা ও রাজশাহী কাস্টমসসহ বিভিন্ন আবগারি ও ভ্যাট কমিশনারেটে এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত ও নতুন পদায়ন পাওয়া কর্মকর্তারা আগামী ৮ অক্টোবর বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।
রাজস্ব আদায়ে গতিশীলতা আনয়ন ও প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই রদবদল করা হয়েছে বলে এনবিআর সূত্র নিশ্চিত করেছে।
























