| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী বাহন শিল্পকলা: মঈন খান
  • বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী বাহন শিল্পকলা: মঈন খান

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

    ‘আণবিক বোমা নয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি’ মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিল্পকলা ও সংস্কৃতির শক্তি সবচেয়ে বেশি। শিল্পের কোনো সীমান্ত নেই; সংগীত, চিত্রকলা ও নৃত্য ভাষা ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষে মানুষে সংযোগ তৈরি করতে পারে।

    শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজের পড়াশোনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে মঈন খান বলেন, “আমি নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র।

    আণবিক বোমা কীভাবে তৈরি হয়, সে বিষয়ে পড়াশোনা করেছি। পৃথিবীর ইতিহাসে আণবিক বোমা অত্যন্ত শক্তিশালী অস্ত্র। কিন্তু সেই বিষয়ের ছাত্র হওয়া সত্ত্বেও আমি বিশ্বাস করি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শান্তি।” তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সংঘাত ও অশান্তি থেকে উত্তরণের একমাত্র পথ শান্তি। শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, বছরের প্রতিটি দিন শান্তিতে বিনিয়োগ করতে হবে।

    শিল্পকলার সার্বজনীনতা তুলে ধরে তিনি বলেন, সংস্কৃতি, সংগীত, চিত্রকলা ও নৃত্য মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ থেকে কেউ লন্ডনের কোনো আর্ট গ্যালারিতে বাংলা ভাষা না জেনেও সংগীত বা চিত্রকলার মাধ্যমে নিজের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারেন। ভৌগোলিক সীমারেখা মুছে দিয়ে শিল্পকলা ও সংস্কৃতি মানুষের সঙ্গে মানুষের আত্মিক যোগাযোগ তৈরি করে।

    শিল্পকলা একাডেমির সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতির কথা স্মরণ করে মঈন খান জানান, একসময় এই প্রাঙ্গণ সবুজ মাঠ ছিল, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান লোকসংগীত ও বাউল শিল্পীদের গান শুনতেন। পরবর্তীতে খালেদা জিয়ার শাসনমালে সেলিমা রহমানের উদ্যোগে এখানে শিল্পীদের জন্য আধুনিক অডিটোরিয়াম ও স্টুডিওসহ অবকাঠামো উন্নয়ন করা হয়।

    জাতিসংঘ নির্ধারিত এ বছরের বিশ্ব শান্তি দিবসের মূল বার্তা ‘ইনভেস্ট ইন পিস’ (শান্তিতে বিনিয়োগ করুন)-এর প্রতি আলোকপাত করে তিনি সবাইকে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    আরও পড়ুন