| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আহ্বান
  • ওয়ার্ল্ড এনার্জি সামিট

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

    দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং অফশোর বা গভীর সমুদ্রে জ্বালানি সম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে দেশের উন্নত বিনিয়োগ কাঠামোও তুলে ধরা হয়েছে।

    মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জি সামিট’-এ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে এ আহ্বান জানায় বাংলাদেশ প্রতিনিধিদল। সামিটের স্ট্র্যাটেজিক স্টেজে ‘মিনিস্টেরিয়াল অ্যাড্রেস’ পর্বে অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    তিনি দেশের দ্রুতবর্ধনশীল জ্বালানি চাহিদার প্রেক্ষাপটে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। এ সময় তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে (আইওসি) ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

    বিনিয়োগকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এবারের বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরে ১১টি অগভীর সমুদ্র ব্লক এবং ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন।

    তিনি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, বিনিয়োগের ক্রমবর্ধমান গতি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের সহায়ক নীতির বিষয়ে আলোকপাত করেন। এছাড়া বাংলাদেশের এখনো তুলনামূলকভাবে অনাবিষ্কৃত অফশোর সম্ভাবনা, আধুনিক সিসমিক তথ্যের প্রাপ্যতা এবং ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর প্রতিযোগিতামূলক বাণিজ্যিক শর্তগুলোও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সামনে তুলে ধরেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান।

    সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ভূতাত্ত্বিক ও সিসমিক তথ্য পর্যালোচনা এবং চলমান বিডিং রাউন্ডে অংশ নিতে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়।

    সামিটের প্রথম দিনে ৪টি আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সাইডলাইন মিটিং করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। এসব সভায় চলমান অফশোর বিডিং রাউন্ডের সুবিধাদি তুলে ধরে তাদের এতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়।

    বুধবার সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বের বৃহৎ আরও চারটি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন