বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একদিকে যেমন হতাশার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি, অন্যদিকে একই ম্যাচে নিজের নাম লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে। জোড়া গোল করে জিতিয়েছেন দলকেও, নিয়েছেন নকআউট পর্বে।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের ভেতরে লাউতারো মার্তিনেসকে ফাউল করলে ভিএআরের পর রেফারি আমিন ওমর স্পটকিকের নির্দেশ দেন। পেনাল্টি নিতে আসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তবে তার নেওয়া শটটি পোস্টের বাইরে চলে যায়। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লাগারও একই দিকে ঝাঁপ দিয়েছিলেন।
এই পেনাল্টি মিসের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের রেকর্ড গড়েন মেসি। বিশ্বকাপে নেওয়া সাতটি পেনাল্টির মধ্যে তিনি চারটিতে গোল করলেও তিনটি মিস করেছেন। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং ২০২২ সালে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। ফলে টানা তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরে পেনাল্টি মিস করা প্রথম ফুটবলারও হয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে এই রেকর্ডে মেসির সঙ্গী ছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার আসামোয়া জিয়ান। ২০০৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন জিয়ান। এরপর ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ের বিপক্ষে তার সেই বিখ্যাত পেনাল্টি মিস এখনও আলোচিত। লুইস সুয়ারেসের হ্যান্ডবলের পর পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।


























